সিঙ্গাপুরে চিকিৎসা শেষে গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর দেশ ফিরছেন আজ। ৪ অক্টোবর শনিবার সন্ধ্যায় তার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ওই তথ্য নিশ্চিত করে বলেন, আজ সন্ধ্যা ৬টায় নুরুল হক নুর সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে বিমানবন্দরে পৌঁছাবেন।

গত ২২ সেপ্টেম্বর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান নুরুল হক নুর। সেখানে তার শারীরিক নানা পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। এসময় নুরের সঙ্গে তার ব্যক্তিগত চিকিৎসক বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অর্থোপেডিক ও স্পাইন সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাজ্জাদ হোসেন রাসেল ছিলেন।
উল্লেখ্য, গত ২৯ আগস্ট রাতে রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি (জাপা) এবং গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত হন নুরুল হক নুর।

পরে ঢাকা মেডিক্যালে বেশ কয়েকদিন চিকিৎসা নেওয়ার পরও শারীরিক কিছু জটিলতা থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।




