কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় জামায়াত নেতা ইউপি চেয়ারম্যান মাস্টার শওকত আলীকে আটক করেছে পুলিশ। রবিবার দুপর ১টার দিকে থানা পুলিশের একটি দল উপজেলার কয়লা থেকে তাকে আটক করে। সে ২নং জালালাবাদ ইউপি চেয়ারম্যান ও কয়লা হাইস্কুলের শিক্ষক। উপজেলা জামায়াতের যুগ্ম সম্পাদক মাস্টার শওকত আলী (৫৫) জালালাবাদ ইউনিয়নের শংকরপুর গ্রামের মৃত মোহর আলী বিশ্বাসের পুত্র। জানা গেছে, রবিবার দুপুরের দিকে কয়লা হাইস্কুল এলাকা থেকে সাদা পোশাকের একদল পুলিশ চেয়ারম্যান ও জামায়াত নেতা শওকত আলীকে আটক করে থানায় নিয়ে যায়। এ ব্যাপারে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ দারা খাঁন পিপিএম জানান, সরকারি কাজে বাধা দান ও সম্প্রতি হরতাল-অবরোধে রাস্তার ধারে সরকারি গাছ কাটা মামলায় তাকে আটক করা হয়েছে।




