জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে ময়মনসিংহ বিভাগে আবারও শীর্ষ স্থান অর্জন করেছে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা। বিভাগের আওতাধীন ৪টি জেলার ৩৫টি উপজেলার কার্যক্রমের আলোকে আগস্ট মাসের প্রকাশিত প্রতিবেদনে ওই তথ্য পাওয়া গেছে। এদিকে বিভাগীয় পর্যায়ে টানা সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখায় উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের প্রতি অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন মহল।

জানা যায়, ময়মনসিংহ বিভাগের সদ্য প্রকাশিত তথ্য অনুযায়ী, গত আগস্ট মাসে ঝিনাইগাতী উপজেলার ৭টি ইউনিয়নে জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ২৫১ জনের। এর মধ্যে নিবন্ধন হয়েছে ৪৪৭ জনের। ফলে অর্জনের দিক দিয়ে শতকরা হার দাঁড়িয়েছে ১৭৮ ভাগ। আর একই সময়ে মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ১১০ জনের। এর মধ্যে নিবন্ধন হয়েছে ৩১৯ জনের। এক্ষেত্রে অর্জনের হার দাঁড়িয়েছে ২৯০ ভাগে।
অন্যদিকে জেলার অপর ৪টি উপজেলার মধ্যে নকলা ষষ্ঠ ও নালিতাবাড়ী সপ্তম স্থান অর্জন করে সন্তোষজনক অবস্থানে থাকলেও শেরপুর সদর ২৭ ও শ্রীবরদী ২৮তম স্থানে রয়েছে।

এ ব্যাপারে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে গত বছরের অক্টোবর মাস থেকে নিয়মিতভাবেই বিভাগীয় পর্যায়ে ঝিনাইগাতী উপজেলা শ্রেষ্ঠত্বের সাফল্য ধরে রেখেছে। এজন্য এ কাজে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি।




