অপূর্ব লাল সরকার, বরিশাল : বরিশালের বানারীপাড়া উপজেলায় প্রাাকৃতিক গ্যাস অনুসন্ধানে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাপেক্স’র প্রতিনিধি দল। গতকাল রোববার সকালে বাপেক্সর উপ-ব্যবস্থাপক ভূ-তত্ত¡বিদ শফিকুল ইসলাম ও সহকারী ব্যবস্থাপক তারিকুল ইসলাম ভূঁইয়া বানারীপাড়া উপজেলার গাভা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বিভিন্নস্থান পরিদর্শন করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ এজেডএম মোরশেদ আলী উপস্থিত ছিলেন।

প্রতিনিধিদল ওই গ্রামের ১০-১২টি বাড়ির গভীর ও শ্যালো নলকূপ থেকে নির্গত গ্যাস পরীক্ষা করেন। গ্যাসের গন্ধ এবং এর কি পরিমাণ প্রেসার আছে তার ডাটা সংগ্রহ করেন। পরে দু’টি বোতলে করে ওই গ্যাস সংরক্ষণ করে ঢাকায় নিয়ে যান প্রতিনিধিদলের সদস্যরা।
প্রতিনিধি দলের সদস্যরা জানান, ওই এলাকায় গ্যাসের সম্ভাবনা রয়েছে। আগামী ১০দিনের মধ্যে সংগৃহীত নমুনা গ্যাসের পরীক্ষা করে ফলাফল জানা যাবে। গ্যাসের সম্ভাবনা আশানুরুপ হলে উচ্চতর বিশেষজ্ঞ দল এবং খনিজ সম্পদ বিভাগের কর্মকর্তারা পূনরায় ওই এলাকায় আসবেন। এব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ এজেডএম মোরশেদ আলী জানান, ইতোমধ্যে প্রশাসনিক সকল পদক্ষেপ নেয়া হয়েছে।




