রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় শেরপুরে জেলা বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২২ জুলাই মঙ্গলবার বিকেলে শহরের রঘুনাথবাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ওইসময় নিহত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগর, শিক্ষিকা মাহরিন চৌধুরীসহ প্রাণ হারানো শিক্ষার্থীদের রুহের মাগফিরাত কামনা করা হয়। একইসাথে আহতদের দ্রুত সুস্থতা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করেন বিএনপি নেতারা।
এছাড়াও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপদ দেশে প্রত্যাবর্তনের জন্য দোয়া করা হয়।

দোয়া মাহফিলে জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, সদস্য সচিব এ বি এম মামুনুর রশিদ পলাশ, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুল মান্নান পিপি, আবু রায়হান রূপন, সাইফুল ইসলাম, সদস্য সাইফুল ইসলাম স্বপন, আতাহারুল ইসলাম আতা, সদর উপজেলা যুবদলের আহবায়ক পারভেজ আহম্মেদ, জেলা ছাত্রদলের সভাপতি হাশেম আহম্মেদ সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জলসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।




