চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ২০২৫-২৬ অর্থবছরের মোট ২১৪৫ কোটি ৪২ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। ২৩ জুন সোমবার দুপুরে নগরের নন্দনকানন থিয়েটার ইনস্টিটিউটে বাজেট ঘোষণা করেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। মেয়র হিসেবে এটি তার প্রথম বাজেট।

জানা যায়, নতুন অর্থবছরের বাজেটের পাশাপাশি ২০২৪-২৫ অর্থবছরের ১২২১ কোটি ৯৬ লাখ টাকার সংশোধিত বাজেট উপস্থাপন করা হয়। ওই অর্থবছরে মোট ১৯৮১ কোটি ৫২ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছিল। বাজেট বাস্তবায়ন হয়েছে ৬১ দশমিক ৬৬ শতাংশ।
বাজেট বক্তব্যে সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, বিগত ২০২১ সালের চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে আপনাদের ভোটে আমি জয়লাভ করলেও তৎকালীন ফ্যাসিস্ট সরকারের কূটকৌশলে আমাকে পরাজিত দেখানো হয়। যার পরিপ্রেক্ষিতে ন্যায়বিচারের প্রত্যাশায় তখন আদালতের স্মরণাপন্ন হই। জুলাই ২৪-এ ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে অবৈধ আওয়ামী ফ্যাসিস্ট সরকার ও তার দোসরদের পতনের পর মাননীয় আদালত থেকে সুবিচার প্রাপ্য হয়ে চট্টগ্রাম মহানগরের মেয়র পদে দায়িত্বপালন করছি। তাই নগরবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর প্রত্যাশা ও চট্টগ্রাম মহানগরকে পরিবেশগত ক্লিন-গ্রিন, হেলদি ও নিরাপদ সিটি, আধুনিক প্রযুক্তিসম্পন্ন ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ বাসযোগ্য নান্দনিক পর্যটন নগর প্রতিষ্ঠার দৃঢ়প্রতিজ্ঞা ব্যক্ত করছি।

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে বাজেট অধিবেশনে বাজেট বিবরণী উপস্থাপন করেন ভারপ্রাপ্ত প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির। ওইসময় সিটি করপোরেশনের সচিব মোহাম্মদ আশরাফুল আমিন উপস্থিত ছিলেন।




