‘দেশী ফল খাই, আসুন ফলের গাছ লাগাই’ এ প্রতিপাদ্যকে সামনে শেরপুরে শুরু হয়েছে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৫। ১৯ জুন বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত ওই মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। উদ্বোধনের পর অতিথিরা প্রদর্শনী স্টল ঘুরে দেখেন এবং ফলচাষে কৃষকদের উৎসাহিত করেন।

পরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইয়া, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নিজাম উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ফলচাষের মাধ্যমে শুধু পুষ্টির চাহিদাই পূরণ হয় না, এটি কৃষি অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখে। আধুনিক প্রযুক্তির ব্যবহার ও সঠিক পরিকল্পনার মাধ্যমে ফল উৎপাদন বাড়ানো সম্ভব। দেশীয় ফলচাষ বৃদ্ধির মাধ্যমে দেশের মানুষের পুষ্টি ঘাটতি পূরণ করা সম্ভব হবে।

এ মেলার ১৫টি স্টলে স্থানীয় কৃষকদের উৎপাদিত বিভিন্ন দেশীয় ও মৌসুমি ফলের প্রদর্শনী স্থান পেয়েছে। এই ফল মেলা চলবে আগামী ২১ জুন পর্যন্ত।




