শেরপুরের নালিতাবাড়ীতে ১৫৭৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল হালিম (৩৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৫ মে বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতকে শেরপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে বুধবার রাতে অভিযান চালিয়ে উপজেলার বুরঙ্গা পোড়াবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আব্দুল হালিম উপজেলার নয়াবিল ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামের আমিনুল ইসলামের পুত্র।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পোড়াঁগাও ইউনিয়নের বুরঙ্গা পোড়াবাড়ি এলাকার মাদক ব্যবসায়ী মাজম আলীর বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে মাজম আলী পালিয়ে গেলেও মাজম আলীর ঘর থেকে তার সহকারী আব্দুল হালিমকে ১৫৭৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, মাদক ব্যবসায়ী মাজম আলী ও গ্রেপ্তারকৃত তার সহযোগী আব্দুল হালিমের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তারকৃতকে শেরপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে৷




