শেরপুরে রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৪ মার্চ সোমবার বিকেলে শেরপুর শহর ও সদর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে জি.কে পাইলট উচ্চ বিদ্যালয়ের সম্মেলন কক্ষে ওই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও শেরপুর-১ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম। ওইসময় তিনি বলেন, রমজান মাস কোরআন নাযিলের মাস, তাই সকলে যেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করি। ইসলাম প্রতিষ্ঠা করতে এ দলের অনেকেই শাহাদাৎ বরণ করেছেন। তিনি আরো বলেন, আসুন আমরা সকলে সচেতন হই, যেন এ দেশে আবার ফ্যাসিস্ট সরকার আস্তানা গড়তে না পারে। দেশকে এগিয়ে নিতে হলে কোরআন দিয়ে দেশ চালাতে হবে, তাই আপনারা সকলে জামায়াতে ইসলামীর সাথে থাকুন, কারণ বাংলাদেশ জামায়াতে ইসলামী কোরআন অনুসরণকারী দল।
জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে ও শহর জামায়াতের সহ-সেক্রেটারি প্রভাষক মো. জাহিদ আনোয়ারের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ডা. আনোয়ার হোসাইন, সদর উপজেলা শাখার আমীর মাওলানা আতাউর রহমান, শহর শাখার আমীর মাওলানা নুরুল আমীন, জেলা ছাত্রশিবিরের সভাপতি আশরাফুজ্জামান মাসুম প্রমুখ। আলোচনা শেষে মোনাজাত ও দোয়া পরিচালনা করেন জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেন।

ওইসময় শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. মিজানুর রহমান ভূঁঞা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুবায়দুল আলমসহ জামায়াতে ইসলামীর জেলা, শহর ও সদর উপজেলা শাখার নেতৃবৃন্দসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।




