ময়মনসিংহের ফুলপুরে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৩ আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২ জন। ১০ মার্চ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ফুলপুর-শেরপুর সড়কের বাইটকান্দির চওড়াবাড়ি এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাদি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি যাত্রীবাহী অটোরিকশা শেরপুরের দিকে যাচ্ছিল। পথে ফুলপুর-শেরপুর সড়কের বাইটকান্দির চওড়াবাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার ৩ আরোহী নিহত ও ২ জন আহত হন। আহতদের উদ্ধার করে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

নিহত ৩ জন হলেন ফুলপুরের হাতপাগলা গ্রামের হাবিজ মিয়ার ছেলে মো. হাসাদ (১৬), শেরপুরের নকলা উপজেলার ছাতুর গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে মো. আশিক মিয়া (২০) ও নরসিংদীর রায়পুরা উপজেলার পলাশতী গ্রামের মৃত নওয়াব আলীর ছেলে আবুল কাশেম (৫০)। সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।




