অক্টোবরের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের তিন থেকে চারটি মামলার রায় পাওয়ার আশা প্রকাশ করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে উপদেষ্টা এ কথা বলেন।

আসিফ নজরুল বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতে এ পর্যন্ত ৩০০টির বেশি মামলা হয়েছে। এর মধ্যে ১৬টি মামলার তদন্ত চলছে, যার মধ্যে ৩-৪টির তদন্ত চলতি মাসেই শেষ হবে। তিনি বলেন, এই ৩-৪টি মামলার পরবর্তী বিচারিক কাজ শেষ হতে আগামী অক্টোবর মাস পর্যন্ত সময় লাগতে পারে।
আইন উপদেষ্টা আরও বলেন, আওয়ামী লীগের আমলে আইসিটি আদালতে একেকটি মামলায় গড় সময় লেগেছিল আড়াই বছরের বেশি। কিন্তু আমাদের প্রসিকিউশন টিম যেভাবে কাজ করছে, তাতে এক বছরের ভেতরেই মামলার রায় আসবে বলে আশা করছি।
প্রত্যাহার হচ্ছে ১২১৪ রাজনৈতিক ‘গায়েবি মামলা’
সাইবার সিকিউরিটি অ্যাক্টের অধীনে ৩৩২টি মামলা প্রত্যাহার হয়েছে

রাজনৈতিক গায়েবি মামলায় সারা দেশে ১৬ হাজার ৪২৯টি মামলার তালিকা করা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, এর মধ্যে এক হাজার ২১৪টি মামলা আগামী এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার করা হবে। এর মধ্যে ৫৩টি মামলার গেজেট দু-এক দিনের মধ্যে হবে।
সাইবার সিকিউরিটি অ্যাক্টের অধীনে মামলাগুলো প্রত্যাহার করা হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা। তিনি বলেন, এই অ্যাক্টে ৩৯৬টি মামলা বিচারাধীন ছিল। এর মধ্যে ৩৩২টি মামলা প্রত্যাহার করা হয়েছে। ৬১টি মামলার প্রত্যাহারের সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর জুলাই গণহত্যার ৩০০টি অভিযোগ গঠন করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। আসিফ নজরুল বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর জুলাই গণহত্যার ৩০০টি অভিযোগ গঠন করা হয়েছে। এদের মধ্যে শেখ হাসিনাসহ শীর্ষস্থানীয় আওয়ামী লীগ নেতা এবং শীর্ষস্থানীয় পুলিশ কর্মকর্তারা রয়েছেন।




