ফেনী সংবাদদাতা : ফেনীর সোনাগাজী উপজেলার একটি কেন্দ্রে পুলিশের সঙ্গে ১৮ দলের কর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক বিএনপি কর্মী নিহত হয়েছেন। রবিবার সকাল ১০টার দিকে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা গেছে, সকাল ১০টার দিকে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের চরচান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে হামলা চালায় ১৮ দলের কর্মীরা। ওইসময় পুলিশের সাথে তাদের সংঘর্ষ বাধলে ৩ জন গুলিবিদ্ধ হন। আহতদের সদর হাসপাতালে নেওয়ার পর মারা যান শহিদুল ইসলাম নামের (৩০) এক বিএনপি কর্মী। ওই ঘটনার পর কেন্দ্রটিতে ভোটগ্রহণ স্থগিত রয়েছে। সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সোনাগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুভাষ চন্দ্র পাল জানান, ১৮ দলের একদল কর্মী ভোট কেন্দ্রটিতে হামলা চালিয়ে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এক পর্যায় পুলিশ গুলি চালায়।




