শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অবৈধভাবে আনা ২ হাজার ১৫০ কেজি ভারতীয় গরুর মাংস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ২৯ জানুয়ারি বুধবার ভোরে উপজেলার সমশ্চূড়া বাজারে পূর্বপাশে অভিযান চালিয়ে ওইসব গরুর মাংস জব্দ করা হয়।

তবে ওইসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। একইদিন দুপুরে ময়মনসিংহ ব্যাটালিয়ান (৩৯ বিজিবি)’র গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি সূত্র জানায়, নালিতাবাড়ী উপজেলার সীমান্তে ভারত থেকে চোরাই পথে গরুর মাংস পাচারের গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী উপজেলার হলদিগ্রাম সীমান্ত ফাঁড়ির বিজিবির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল আওয়ালের নেতৃত্বে বিজিবির একটি অভিযানিক দল বুৃধবার ভোর সাড়ে ৫টার দিকে সমশ্চুড়া সীমান্তে অভিযান চালায়। এসময় বিজিবির উপস্থিতি বুঝতে পেরে ফ্রিজিং গাড়ি ভর্তি প্যাকেটজাত গরুর মাংস ফেলে রেখে ৪/৫ জন চোরাকারবারি দৌড়ে পালিয়ে যায়। পরে গাড়ি ভর্তি ২ হাজার ১৫০ কেজি গরুর মাংসসহ ফ্রিজিং গাড়িটি জব্দ করে হলদিগ্রাম ক্যাম্পে নিয়ে আসা হয়। জব্দকৃত মাংস ও গাড়ির আনুমানিক মূল্য ৯৫ লক্ষ টাকা।

বিজিবির হলদিগ্রাম সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল আওয়াল বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। মাংস জব্দের ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জব্দকৃত মাংস পরবর্তীতে বিধিমোতাবেক নিলাম করা হবে।




