শেরপুর শহরের বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মো. মজিবর রহমান মাস্টার (৭৯) আর নেই। তিনি ২৮ জানুয়ারি মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় শহরের উত্তর নওহাটা এলাকার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

তিনি দীর্ঘদিন যাবত থাইরয়েডসহ নানা জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৪ পুত্র, ২ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আগামীকাল বুধবার সকাল সাড়ে ১০টায় নিজ এলাকায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হবে।
জানা যায়, আলহাজ্ব মো. মজিবর রহমান মাস্টার সারাজীবন এলাকার জনহিতকর নানা কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তিনি শিক্ষা, ধর্মীয় ও সামাজিকসহ নানা প্রতিষ্ঠানের গোড়াপত্তনসহ নেতৃত্ব দিয়েছেন। তিনি শিক্ষাজীবনে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন।

পরবর্তীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চাকরি করেন এবং পার্শ্ববর্তী দিঘারপাড়-কান্দাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে অবসর নেন। এরপর তিনি জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন।




