শ্যামলবাংলা ডেস্ক : নির্বাচন ঠেকাতে চলমান অবরোধের পাশাপাশি শনিবার সকাল ৬টা থেকে সারাদেশে ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। ৩ জানুয়ারী শুক্রবার বিকেলে এক সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক ওই ঘোষণা দেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গৃহবন্দি করার প্রতিবাদ ও ৫ জানুয়ারির নির্বাচন বাতিলের দাবিতে ওই কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে জানান তিনি।
ড. ওসমান ফারুক জানান, অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির পাশাপাশি শনিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত হরতাল পালিত হবে।
তিনি অভিযোগ করে বলেন, বিরোধীদলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জীবন নিরাপত্তা হুমকিতে। আন্দোলন থামাতে খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের বাসভবনে আওয়ামী লীগ সন্ত্রাসীরা বোমা হামলা চালিয়েছে।
তিনি আরও বলেন, খালেদা জিয়ার নিরাপত্তা নিশ্চিত করুন। অন্যথায় যেকোন অনাকাঙ্খিত ঘটনার জন্য সরকার দায়ী থাকবে। জনতার দাবি মেনে নিয়ে নির্বাচন বন্ধের আহ্বান জানান তিনি। দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে ড. ওসমান ফারুক বলেন, ভোটকেন্দ্র বর্জন করুন ভোটদানে বিরত থাকুন।
একতরফা নির্বাচন বাতিল ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বছরের প্রথম দিন বুধবার থেকে সারাদেশে রাজপথ-রেলপথ-নৌপথে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অবরোধ কর্মসূচি ঘোষণা করে ১৮ দলীয় জোট। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এ অবরোধ চলতে থাকবে বলে জানানো হয়।




