শেরপুরের নকলায় নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং করেছে উপজেলা প্রশাসন। ২২ অক্টোবর মঙ্গলবার দুপুরে নকলা পৌরশহরের কাঁচাবাজার, মাছবাজার, চাউলের আড়ৎসহ মুদির দোকান ও বেকারী কারখানা মনিটরিং করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র ও সহকারি কমিশনার (ভূমি) জুয়েল মিয়া।

মনিটরিংকালে ইউএনও দীপ জন মিত্র স্থানীয় ব্যবসায়ীদের সাথে কথা বলেন এবং কেউ যেন সিন্ডিকেট করে কিংবা ইচ্ছাকৃতভাবে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়িয়ে জনদুর্ভোগ সৃষ্টি না করেন সে বিষয়ে সকলকে সচেতন করেন। এসময় মূল্য তালিকা দেখাতে না পারায় দুই মুদি দোকানীকে ৭০০ টাকা আর্থিক জরিমানা করা হয়।
ইউএনও দীপ জন মিত্র জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে এধরণের মনিটরিং অব্যাহত থাকবে।

তবে ভোক্তারা জানিয়েছেন, শুধু কথায় নয় আমরা ডিম, চাউল, ডাল, আলু, তেলসহ সকল নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে নিয়মিত প্রশাসনের নজরদারি চাই। আমরা সরকার নির্ধারিত মূল্যে সকল ধরণের নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করতে চাই। সিন্ডিকেট ব্যবসায়ী ও অতিরিক্ত মুনাফাখোরদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।




