শেরপুরের শ্রীবরদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ চালক নিহত হয়েছেন। ২২ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় শ্রীবরদী পৌর শহর হতে দহেরপাড় সড়কের শ্মশানঘাট এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন উপজেলার চরশিমুলচূড়া গ্রামের শুকুর আলীর ছেলে সবুজ মিয়া (২২) ও উপজেলার দহেরপাড় ইজারাপাড়া গ্রামের লতা মিয়ার ছেলে জাকিরুল ইসলাম জয় (২৬)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সবুজ মিয়া মোটরসাইকেলযোগে শ্রীবরদী পৌর শহরের দহেরপাড় সড়ক দিয়ে শ্রীবরদী বাজারের দিকে যাচ্ছিলেন। অপরদিকে জাকিরুল ইসলাম জয় শ্রীবরদী বাজার থেকে দহেরপাড়ের দিকে যাচ্ছিলেন। ওই সময় পৌর শহরের শ্মশানঘাট এলাকায় দুই মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় এক মোটরসাইকেলের চালক সবুজ মিয়া। আর গুরুতর আহত হয় আরেক মোটরসাইকেলের চালক জয়।
পরে স্থানীয়রা দু’জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত জয়কে জেলা সদর হাসপাতালে রেফার করেন। সেখানে জয়ের অবস্থা আরও অবনতি হলে তাকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যায় সে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার জাহিদ বলেন, ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।




