শ্যামলবাংলা ডেস্ক : খালেদা জিয়ার অবরুদ্ধ অবস্থার পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর হস্তক্ষেপ চেয়ে স্মারকলিপি দিয়েছে বিএনপির সংসদীয় দলের একটি প্রতিনিধি দল। ২ জানুয়ারী বৃহস্পতিবার সকালে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদীন ফারুকের নেতৃত্বে বিএনপি সাংসদদের একটি প্রতিনিধিদল স্পিকারের সঙ্গে দেখা করে ওই স্মারকলিপি দেয়।
পরে এক সাংবাদিক সম্মেলনে ফারুক বলেন, খালেদা জিয়া গণতন্ত্র রক্ষার স্বার্থে ২৯ ডিসেম্বর বিএনপি কার্যালয়ের সামনে মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি ঘোষণা করেছিলেন। ওই কর্মসূচিকে ঘিরে সরকারি দল যে অবস্থার সৃষ্টি করেছে আপনারা তা জানেন।
তিনি বলেন, আমাদের চেয়ারপারসনকে কয়েকদিন ধরে তার বাসায় অবরুদ্ধ করে রাখা হয়েছে। তার বাসভবন ঘিরে পুলিশের ব্যারিকেড দেওয়া হয়েছে। বাসার সামনে রাখা হয়েছে বালুভর্তি ট্রাক। তার সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না। উনি কি গৃহবন্দি, উনি কি গ্রেফতার, সংসদ কি আছে, উনি কি পদত্যাগ করেছেন, তা জনগণ জানতে চায়। এসব বিষয়ে স্পিকারকে অবহিত করতেই তার কাছে বিএনপির সংসদীয় দলের পক্ষ হতে স্মারকলিপি পেশ করা হয়েছে।




