জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন শেরপুরের কৃতি সন্তান অধ্যাপক ড. এ কে এম রিয়াজুল হাসান। এর আগে তিনি এনসিটিবির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ৩১ আগস্ট শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব (কলেজ-২) চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে ওই তথ্য জানানো হয়।

জানা যায়, শেরপুরের কৃতি সন্তান অধ্যাপক ড. এ.কে.এম রিয়াজুল হাসানের জন্ম ১৯৬৬ খ্রিষ্টাব্দের ২৭ জানুয়ারি। তিনি শেরপুর সরকারি কলেজের প্রাক্তন ছাত্র ছিলেন। ১৪তম বিসিএস শেষে ১৯৯৩ সালে শেরপুর সরকারি কলেজে যোগদান করেন। পরে পদোন্নতি পেয়ে বিভিন্ন কলেজে চাকুরি শেষে ২০১৪ সালে শেরপুর সরকারি কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
এরপর এনসিটিবির সদস্য (প্রাথমিক শিক্ষাক্রম) পদেও দায়িত্বে ছিলেন তিনি। সবশেষ তাকে এনসিটিবি থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।

গত ২৮ জুলাই দ্বিতীয় মেয়াদে এনসিটিবির চেয়ারম্যান নিয়োগ পান অধ্যাপক ফরহাদুল ইসলাম। সরকার পতনের পর তার নিয়োগের ২২ দিনের মাথায় গত ১৯ আগস্ট স্বেচ্ছায় পদত্যাগ করেন তিনি।
অধ্যাপক ফরহাদুল ইসলাম পদত্যাগ করার পর এনসিটিবির সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক রবিউল কবির চৌধুরীকে একই দিনে চেয়ারম্যান পদে রুটিন দায়িত্ব দেওয়া হয়।




