শেরপুরের শ্রীবরদীতে দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীদের মাঝে সমাজসেবা বিভাগের এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ১০ জুলাই বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে ওই চেক বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রোগীদের হাতে চেক তুলে দেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম জুয়েল, সহকারী কমিশনার (ভূমি) মো. রেজুয়ান ইফতেখার, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামানসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও উপকারভোগীরা।

এদিন ক্যান্সার, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়াসহ বিভিন্ন দুরারোগ্য রোগে আক্রান্ত ৩০ জনের মাঝে ৫০ হাজার টাকা করে মোট ১৫ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়।




