রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে খাদে পড়েছে। এতে ৬ শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে আটজন। বুধবার সন্ধ্যা ৬টার দিকে শিজকছড়া-উদয়পুর সীমান্ত সড়কের নব্বই ডিগ্রি টিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই সীমান্ত সড়কের নির্মাণ শ্রমিক ও ঢাকার গাজীপুরের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরের দিকে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলা থেকে ১৫ থেকে ১৬ জন শ্রমিক মিনি ট্রাকে করে সাজেক ইউনিয়নের ভারত সীমান্ত সংলগ্ন উদয়পুরের দিকে রওনা দেন। শিজকছড়া-উদয়পুর সড়কের নব্বই ডিগ্রি টিলা এলাকায় পৌঁছলে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ট্রাকটি উল্টে গভীর খাদে পড়ে যায়। গাড়ি চাপা পড়ে পাঁচজন ঘটনাস্থলে এবং হাসপাতালে নেওয়ার পথে একজন মারা যান। এ সময় ৮ জন আহত হয়েছেন।
ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন, পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। নিহত ও আহতদের নাম তাৎক্ষনিকভাবে জানা যায়নি। নিহতরা সবার বাড়ি গাজীপুর জেলায়।

স্থানীয় বাসিন্দা রিজেক কালা চাকমা জানান, সড়কের নব্বই ডিগ্রি উঁচু টিলায় চালক গাড়ি ঘোরানের সময় ব্রেক ফেল করলে উল্টে গিয়ে ছড়ার মধ্যে পড়ে যায়। সেনাবাহিনী ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক হাসপাতালে নিয়ে যান।
সাজেক ইউনিয়ন চেয়ারম্যান অতুলাল চাকমা জানান, ট্রাকের মধ্যে ১৭ শ্রমিক জন ছিলেন। দুর্ঘটনায় এর মধ্যে ৬ জন মারা গেছে। আহত হয়েছেন ১১ জন।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার বলেন, ট্রাক উল্টে ঘটনাস্থলে ৬ জন নিহত ও ৮ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।




