ads

শনিবার , ১০ ফেব্রুয়ারি ২০২৪ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

খাল খনন বন্ধ করে প্রকৌশলীদের মারধর, আ’লীগ নেতা-ইউপি সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে মামলা : গ্রেফতার ২

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
ফেব্রুয়ারি ১০, ২০২৪ ২:৪০ পূর্বাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ক্ষুদ্রাকার সেচ প্রকল্পের একটি খাল পুনঃখনন বন্ধ করে দিয়ে সহকারী প্রকৌশলী ও উপসহকারী প্রকৌশলীসহ ৪ জনকে মারধরের ঘটনায় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্যসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। ওই ঘটনায় স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলামকে (৪৫) ও উপজেলা সেচ্ছাসেবকলীগের সহসভাপতি মো. জাকারিয়াকে (৪২) গ্রেফতার করেছে থানা পুলিশ। ৯ ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে কাকরকান্দি ইউনিয়নের সুতিয়ারপাড় বাজার ও নালিতাবাড়ী শহর থেকে তাদের গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

চলতি বোরো মৌসুমে খাল খনন করলে বোরো চাষীরা ক্ষতিগ্রস্ত হবেন- এমন দাবিতে স্থানীয় কৃষকদের নিয়ে খাল খনন বন্ধে আন্দোলন করলেও মূলত দাবিকৃত চাঁদা না পেয়ে কর্মকর্তাদের উপর হামলা চালানো হয়েছে বলে দাবি এলজিইডি কর্তৃপক্ষের।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও সুতিয়ার খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি সূত্রে জানা গেছে, সম্প্রতি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্প-২ এর অধীনে নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের ফুলপুর বান্দের বাজার থেকে কাকরকান্দি ইউনিয়নের রসাইতলা কাঁকরামারি পর্যন্ত ১০.৭ কিলোমিটার দীর্ঘ সুতিয়ার খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়। ১ কোটি ৩৪ লাখ টাকা বরাদ্দে ওই কাজটি সুতিয়ার খাল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর তত্ত্বাবধানে বাস্তবায়ন করার কথা থাকলেও কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ায় আহ্বায়ক কমিটি সাথে নিয়ে বাস্তবায়নে নামে কর্তৃপক্ষ।

Shamol Bangla Ads

পরে গত সপ্তাহে খালটি পুনঃখনন করতে গেলে কাকরকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের নেতৃত্বে একদল কৃষক বাধা প্রদান করেন। পরে গত বৃহস্পতিবার রসাইতলা গ্রামের শাখা খালটি পুনখনন করতে দুটি স্কেভেটর নিয়ে কাজ শুরু করে এলজিইডি কর্তৃপক্ষ। দুপুরের দিকে আওয়ামী লীগ নেতা আমিনুলের নেতৃত্বে প্রায় ১৫ জন খনন কাজ বন্ধ করে দেন এবং খনন কাজের তদারকিতে থাকা এলজিইডি শেরপুর কার্যালয়ের সহকারী প্রকৌশলী হাসানুর রহমান, উপসহকারী প্রকৌশলী গৌতম বিশ্বাস ও কাজি মঈন উদ্দিন এবং নালিতাবাড়ী কার্যালয়ের জেনারেল ফেসিলিটেটর মেহেদী হাসানকে মারধর করে। পরে আহতদের পুলিশি সহায়তায় উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি কর হয়।

এদিকে এ ঘটনায় রাতেই সহকারী প্রকৌশলী হাসানুর রহমান বাদী হয়ে আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম, মো. জাকারিয়া ও ইউপি সদস্য জমশেদ আলীসহ ১১ জনকে নামীয় এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের প্রেক্ষিতে শুক্রবার বিকেলে আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম ও জাকারিয়াকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

অন্যদিকে আমিনুল ইসলামকে গ্রেফতারের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় নালিতাবাড়ী শহরে বিক্ষোভ মিছিল করেছে তার অনুসারীরা।

রসাইতলা গ্রামের কৃষক সেকান্দর আলী, শাহ আলমসহ অনেকেই জানান, আমাদের খালটি মরা। এটি খনন করা হলে খালে পানি জমবে আর সে পানি থেকে সেচ দিয়ে বোরো আবাদ করতে পারব। তারা বলেন, আমাদের কোন সমস্যা হয় না, তাহলে অন্য এলাকার কৃষকরা কেন এখানে এসে খনন কাজ বন্ধ করে দেয়? এসময় তারা খালটি পুনঃখননের দাবিও জানান।

অন্যদিকে পলাশিয়া গ্রামে কৃষক সোহরাব আলীসহ অন্যরা জানান, বর্তমানে বোরো আবাদ চলমান। এসময় খনন কাজ করা হলে খালটি একেবারে শুকিয়ে যাবে। তখন আমরা সেচ দিতে পারব না। ফলে বোরো আবাদ ক্ষতিগ্রস্ত হবে। তাছাড়া, বর্তমানে যাদের দিয়ে এডহক কমিটি করা হয়েছে তা গোপনে করা হয়েছে। আমাদের জানানো হয়নি। এ জন্য আমাদের দাবি হলো, বোরো আবাদ শেষ হলে এবং নতুন কমিটি গঠন করে খালটির পুনঃখনন কাজ শুরু করা হোক। এসময় তারা কতিপয় ব্যক্তি কর্তৃক চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করেন।

এলজিইডির সহকারী প্রকৌশলী হাসানুর রহমান ও উপসহকারী প্রকৌশলী গৌতম বিশ্বাস বলেন, আমিনুল ইসলামসহ কতিপয় ব্যক্তি আমাদের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছে। আমরা ওই টাকা দিতে অস্বীকৃতি জানানোয় স্থানীয় কৃষকদের ক্ষেপিয়ে খাল খনন কাজে বাধা প্রদান করে এবং অতর্কিতে আমাদের উপর হামলা করে মারধর করে।

এলজিইডি শেরপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের কাছে আমিনুলসহ স্থানীয় কয়েকজন ২০ লাখ টাকা চাঁদা দাবি করেছিল। ওই চাঁদা না পেয়ে কৃষকদের ভুল বুঝিয়ে আমার অফিসের লোকদের উপর হামলা করা হয়েছে।

জানতে চাইলে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া বলেন, বাদীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে মামলা গ্রহণ করে প্রধান আসামিসহ ২জনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারে চেষ্টা চলছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!