মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর মহাদেবপুরে কেরোশিন, ডিজেল, পেট্রোল ও অকটেনের চরম সঙ্কট চলছে। পেট্রোল এবং অকটেন সঙ্কটে সংশ্লিষ্ট অনেক যানবাহন বন্ধ হয়ে গেছে। পাশাপাশি ডিজেল চালিত যন্ত্রগুলোও বেকার হতে চলেছে। প্রত্যন্ত পল্লীর বাসিন্দাদের অনেকেই কেরোসিনের অভাবে আলো জ্বালাতে পারছেনা। লাগাতার অবরোধ ও হরতালের কবলে পড়ে তেল ডিপো থেকে গাড়ি আসতে না পারায় এ অবস্থার সৃষ্টি হয়েছে বলে ভুক্তভোগীরা জানায়।
খোঁজ নিয়ে জানা গেছে, ফিলিং ষ্টেশনগুলোতে পেট্রোল ও অকটেন না পেয়ে মোটরসাইকেলসহ সংশ্লিষ্ট অনেক যানবাহন বন্ধ হয়ে গেছে। ডিজেল অভাবে ভটভটি ও অটোবাহনসহ সংশ্লিষ্ট অনেক যানবাহন বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছেন শত শত মানুষ। কেরোসিনের অভাবে গ্রামের অনেক বাড়িতে হারিকেন-বাতি জ্বলছেনা। এই চরম ভোগান্তির অবসান কিভাবে এবং কখন হবে সে ভাবনায় অস্থির হয়ে পড়েছে স্থানীয়রা।




