শ্যামলবাংলা ডেস্ক : রাজধানীর মধ্য বাড্ডার হোসেন মার্কেটের পেছনে ময়নারবাগ এলাকায় সন্ত্রাসীদের গুলিতে ২ নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। ১৭ ডিসেম্বর মঙ্গলবার সকাল পৌনে ৯ টার দিকে ওই ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন নির্মাণশ্রমিক ফারুক ও মিলন। এছাড়া গুলিবিদ্ধ হয়েছেন মাহমুদ নামের আরেক নির্মাণশ্রমিক। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার খন্দকার লুত্ফুল কবীর জানান, চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা দুই নির্মাণশ্রমিককে গুলি করে হত্যা করেছে। তিনি জানান, ময়নারবাগের বাসিন্দা ফারুক হোসেন তাঁর পৈতৃক জমিতে ভবন নির্মাণের কাজ করছিলেন। গত ৩ দিন আগে নীরব নামের এক সন্ত্রাসী তাঁর কাছে চাঁদা দাবি করলে চাঁদা দিতে অপারগতার কথা জানান তিনি। ওই ঘটনার জের ধরে মঙ্গলবার সকালে সন্ত্রাসীরা নির্মাণাধীন ভবনে এসে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ২ নির্মাণশ্রমিক নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।




