লক্ষ্মীপুর সংবাদদাতা : লক্ষ্মীপুর সদর উপজেলার বটতলি এলাকা থেকে ২ বিএনপি কর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এরা হচ্ছে খোরশেদ আলম সুমন ও আবদুল মান্নান। ১৭ ডিসেম্বর মঙ্গলবার সকালে বটতলী বাজার সংলগ্ন পল্লীবিদ্যুতের সাব স্টেশনের পাশ থেকে তাদের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। বিএনপি বলছে, মান্নান স্থানীয় ইউনিয়ন বিএনপির কর্মী ও সুমন যুবদল কর্মী ছিলেন।
রবিবার গভীর রাতে একই উপজেলার দিঘলি ইউনিয়নের জামিরতলি গ্রামে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধের পর থেকে তারা নিখোঁজ ছিলেন। ওই ঘটনার পর থেকে নিখোঁজ বেলালের সন্ধান এখনও পাওয়া যায়নি। লক্ষ্মীপুর সদর থানার এসআই মো. আবু নাসের ঘটনাস্থল থেকে লাশ দু’টি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, মঙ্গলবার সকালে ঢাকা-রায়পুর মহাসড়কের বটতলি বাজারের পূর্বপাশের পল্লীবিদ্যুতের সাব স্টেশন সংলগ্ন খালপাড়ে দুটি লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ। নিহতদের মাথায় গুলির চিহ্ন রয়েছে।
লক্ষ্মীপুর সদর থানার ওসি (তদন্ত) মো. লোকমান হোসেন জানান, মান্নান ও সুমনের বিরুদ্ধে দত্তপাড়া ইউপি চেয়ারম্যান নুর হোসেন শামীম হত্যা মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে। তবে তাদেরকে কারা হত্যা করেছে তা নিশ্চিত করতে পারেননি তিনি।




