স্টাফ রিপোর্টার : ‘জয়িতা অম্বেষণে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে উপলক্ষ্য করে সারাদেশের ন্যায় শেরপুরেও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে ৯ ডিসেম্বর সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধ্যায় এক আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. হায়দার আলী, জেলা মহিলা সংস্থার সভানেত্রী শামসুন্নাহার কামাল, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. সামসুল ইসলাম, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামূল হক প্রমুখ। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলখোশ জাহান।
আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে জেলার ৫ জন ‘জয়িতা’ নারীকে সংবর্ধনা দেয়া হয়। এ সময় তাদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন। সংবর্ধিত জয়িতারা হচ্ছেন শেরপুর সদরে অর্থনীতিতে স্বাবলম্বী ইসমে তারা সরকার, নকলায় সমাজ উন্নয়নে ভুমিকা রাখায় সৈয়দা উম্মে কুলসুম, নালিতাবাড়ীতে শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে অবদানের জন্য সখিনা খাতুন, ঝিনাইগাতীতে সফল জননী হিসেবে শ্যামলী চিরাং ও শ্রীবরদীতে নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন সংগ্রাম শুরু করায় ফরিদা বেগম। অনুষ্ঠানে জেলার বিভিন্ন নারী সংগঠন ও স্বাবলম্বী নারী নেত্রীবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




