বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গুলি-গ্রেনেডের ভয়ে যারা পালাবে না- এমন তরুণ যুবক ও ছাত্রনেতা তৈরি করতে হবে। ২৫ মার্চ সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল এই সমাবেশের আয়োজন করে। ছোট পরিসরে নয়া পল্টন কার্যালয়ের ফুটপাতের একপাশে সড়কে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে ফখরুল বলেন, ইমরান খান দেখিয়ে দিয়েছেন কীভাবে তরুণদের মাঠে নামতে হয়। প্রতিরোধের হাতিয়ার তৈরি করুন সামাজিক যোগাযোগমাধ্যমকে। শিক্ষাপ্রতিষ্ঠানে আন্দোলন গড়ে তুলতে হবে। যারা ভয়ে পালাবে না, এই ধরনের সাহসী নেতৃত্ব তৈরি করতে হবে।
নির্বাচনের নামে সরকার নাটক করেছে মন্তব্য করে তিনি বলেন, আওয়ামী লীগ নিজেরা নিজেরা নির্বাচন করেছে। দেশের ভেতরে-বাইরে কেউ এ নির্বাচন গ্রহণ করেনি। জোর করে ক্ষমতা দখল করে দেশের মানুষের বুকের ওপর বসে আছে তারা। ১৯৭৫ সালে দেশের মানুষদের সঙ্গে প্রতারণা করেছিল আওয়ামী লীগ, এখন ছদ্মবেশে গণতন্ত্রের লেবাস ধরেছে।

তিনি বলেন, মোবাইল সার্ভিলেন্সের মাধ্যমে ১৬ কোটি মানুষকে নিয়ন্ত্রণ করতে চায় সরকার। কি ভয়াবহ পরিস্থিতি! এ সময় বর্তমানে রমজানের এই সময়ে মানুষের নিত্যপণ্য কেনার পরিস্থিতি নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।




