দেবিদ্বার(কুমিল্লা)প্রতিনিধিঃ কুমিল্লা ১৮ দলের ডাকা অবরোধ এবং কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের শুরুতে সোমবার ভোরে দেবিদ্বার উপজেলার বানিয়াপাড়ায় একটি পণ্যবাহী ট্রাকে আগুন দিয়েছে জামায়াত-শিবির কর্মীরা। ট্রাকে আগুন দেয়ার ঘটনায় অগ্নিদগ্ধ হয়েছে ট্রাকের চালক আবদুর রহমান (৪৭) ও হেলপার মজিবুর রহমান (৩০)। অগ্নিদগ্ধ ট্রাক চালক আবদুর রহমান বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের আবদুল গনি হায়দারের ছেলে এবং হেলপার মজিবুর রহমান একই গ্রামের জসিম উদ্দিনের ছেলে। হেলপার মজিবুর রহমান একজন প্রতিবন্ধি। চিকিৎসকরা জানান, হেলপার মজিবুর রহমানের অবস্থা আশংকাজনক, তার শরীরের ৪০ শতাংশ আগুনে পুড়ে গেছে। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে পুলিশ মজিবুর রহমান(৩৪) ও হাবিবুর রহমান (৩৭)নামের ২ জনকে আটক করা হয়েছে।

ওই ঘটনায় দেবিদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম বাদী হয়ে আটক দুই জামায়েত কর্মীসহ ১২জনের নামে এবং অজ্ঞাতনামা আরো ২০জনসহ ৩২জনকে অভিযুক্ত করে সন্ত্রাস দমন আইনে থানায় মামলা দায়ের করেছেন।
দেবিদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোঃ হান্নান বলেন, আটক জামায়েত কর্মী মজিবুর রহমান এবং হাবিবুর রহমান ঘটনার সাথে জড়িত থাকার সত্যতা স্বীকার করেছে, তারা হেলমেট পরিহীত অবস্থায় মোটর সাইকেল যোগে বোমা হামলায় নাশকতা সৃষ্টিকারীদের বিভিন্ন জায়গায় যাতায়তে সহযোগীতা এবং নিরাপদ সড়কের খোঁজ খবর দেয়ায় গুপ্তচরের কাজে নিয়োজিত ছিল, তাছাড়া আটক ওই দুই জামায়েত কর্মীর সেলফোন সেটে বোমা হামলার ধারনকৃত ছবি খুঁজে পান, আটককৃত দুই কর্মী ওই ছবি মেসেস দিয়ে কেন্দ্রে পাঠিয়েছে বলেও জানিয়েছে।




