জামালপুরের সরিষাবাড়িতে আগামী ৩১ জানুয়ারি অনুষ্ঠিতব্য ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ভোলা শেখ (৬০) নামে একজন নিহতসহ আহত হয়েছে ১০ জন। ২৯ জানুয়ারি পিংনা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চর নলসন্ধ্যা গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত ভোলা শেখ সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নিশ্চিতপুর ইউনিয়নের কাজল গ্রামের হারুনর রশিদের ছেলে।

জানা গেছে, ৩নং ওয়ার্ড সদস্য পদপ্রার্থী নুরুল ইসলামে (ফুটবল) ও তার প্রতিদ্বন্দ্বী সুজাত আলী সুরু’র (মোরগ) লোকজনের মধ্যে নির্বাচনী প্রচারণাকালে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। এতে ভোলা শেখকে কুপিয়ে হত্যা করে। সংঘর্ষে রুবেল, হালিম, আব্দুল হাই মেম্বার, শুক্কুর আলী, টুটুলসহ অন্তত ১০ জন আহত হয়।
ইউপি সদস্য প্রার্থী নুরুল ইসলাম অভিযোগ করেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুজাত আলী সুরু’র লোকজন তাদের ওপর হামলা চালায়। নিহতের স্ত্রী লাইলি বেগম জানান, সকালে নুরুল ইসলামের সমর্থকরা ভোট চাইতে বের হন। এসময় প্রতিপক্ষের লোকজন রুবেল ও হালিমকে ধরে নিয়ে যায়। তাদের উদ্ধারের জন্য গেলে ধারালো দা দিয়ে এলোপাথারি কুপিয়ে তার স্বামীকে খুন করা হয়।

তারাকান্দি তদন্তকেন্দ্রের ইনচার্জ (পুলিশ পরিদর্শক) আব্দুল লতিফ জানান, লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।




