মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে বড়লেখা উপজেলায় ১৮ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টা অবরোধের প্রথমদিন পুলিশ ও অবরোধকারীদের সংঘর্ষে ২জন পুলিশসহ ২০ অবরোধকারী আহত এবং ৯জন গ্রেফতার হয়েছেন। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ১৫ রাউন্ড ফাঁকা গুলি করেছে । শনিবার দুপুর ১২ টার দিকে কাঠালতলী বাজারে এ ঘটনা ঘটে ।
স্থানীয় সূত্রে জানা যায়, বড়লেখা উপজেলার কাঠালতলী বাজারের কুলাউড়া-বড়লেখা সড়কে বিএনপি-জামায়াত শিবির কর্মীরা কেন্দ্রীয় ঘোষিত অবরোধ পালনে সড়কে চলাচলকারী স্থানীয় গাড়ি আটকিয়ে ভাংচুর শুরু করে। এ সময় পুলিশ বাধা দিতে গিয়ে সংঘর্ষে বেধে যায়। সংঘর্ষে দু’পুলিশসহ প্রায় ২০জন অবরোধকারী আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুুলিশ ১৫ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এ ঘটনায় পুলিশ ৯জনকে গ্রেফতার করেছে । আহত ও গ্রেফতারকৃতদের তাৎক্ষনিক নাম পরিচয় পাওয়া যায়নি। মৌলভীবাজারের পুলিশ সুপার মোঃ তোফায়েল আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।




