মোট আক্রান্ত ৭৯১, সুস্থ ৭১৬
শেরপুরে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আক্কাস আলী (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ৫ জুন শনিবার দুপুরে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আক্কাস শহরের নবীনগর মহল্লার গাড়িয়ালবাড়ির গয়া শেখের ছেলে। এ নিয়ে জেলায় করোনায় মারা গেলেন ১৬ জন।
সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ জানান, সর্দি-কাশিসহ করোনার উপসর্গ দেখা দেওয়ায় গত ৩ জুন বৃহস্পতিবার আক্কাস আলী জেলা সদর হাসপাতালে করোনার পরীক্ষা করান। সেদিন র্যাপিড অ্যান্টিজেন টেস্টে তার করোনা পজেটিভ এলেও তিনি হাসপাতালে ভর্তি না হয়ে বাড়ি চলে যান। পরদিন শুক্রবার অবস্থার অবনতি হলে তিনি জেলা সদর হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা ১২টা ১০ মিনিটে মারা যান আক্কাস আলী।

এদিকে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ৭৯১ জন, যা নমুনা পরীক্ষার ৬.৯৭ ভাগ। এই সময়ে সুস্থ হয়েছেন ৭১৬ জন, যা মোট আক্রান্তের ৯১.৮৭ ভাগ। আর ১৬ জনের মৃত্যু হয়েছে, যা মোট আক্রান্তের ১.৯ ভাগ। বর্তমানে জেলায় ৬০ জন করোনা আক্রান্ত রোগী রয়েছেন। এ পর্যন্ত জেলায় মোট নমুনা সংগ্রহ হয়েছে ১১ হাজার ৩৯৪ জনের। এর মধ্যে রিপোর্ট পাওয়া গেছে ১১ হাজার ৩৪৭ জনের। রিপোর্ট অপেক্ষমাণ রয়েছে ৪৭ জনের। এছাড়া জেলায় মোট টিকা নিয়েছেন ৫৪ হাজার ৭৫০ জন। এর মধ্যে কোভিড-১৯ এর প্রথম ডোজের টিকা গ্রহণ করেছেন ৩৩ হাজার ৬৬০ জন। আর দ্বিতীয় ডোজ নিয়েছেন ২১ হাজার ৯০ জন।




