সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে পুলিশের সাথে সংঘর্ষে ৩ কর্মী নিহতের প্রতিবাদে জেলা বিএনপি ও জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল নিরুত্তাপভাবে পালিত হচ্ছে। একই সাথে চলছে কেন্দ্রীয় কর্মসূচির বর্ধিত অবরোধ কর্মসূচিও। তবে হরতাল ও অবরোধর সমর্থনে জামাত একটি ঝটিকা লাঠি মিছিল ও টায়ারে অগ্নিসংযোগ করে সড়ক অবরোধের চেষ্টা করলেও কোন মিছিল বা পিকেটিং করতে দেখা যায়নি বিএনপি নেতা-কর্মিদের। বৃহস্পতিবার ভোর সোয়া ছয়টার দিকে শহরের সমাজ কল্যান মোড়ে একটি টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে জামাত কর্মিরা। এ সময় একটি ঝটিকা লাঠি মিছিল বের করে তারা। এদিকে ভোর থেকে সকাল আটটা পর্যন্ত বন্ধ রয়েছে ইবি রোড জেলা বিএনপি কার্যালয়। শহরের কোথাও বিএনপি কর্মিদের কোন মিছিল বা পিকেটিং করতেও দেখা যায়নি। জেলার অন্যান্য উপজেলা থেকেও কোন অপ্রীতিকর ঘটনার খবর এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সকাল সাড়ে আটটা) পাওয়া যায়নি। অন্যান্য হরতালের মতই সকাল থেকে শহরের অধিকাংশ দোকানপাট, ব্যাবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এম এ মতিন কেন্দ্রীয় বাসটামির্নাল থেকে দূর পাল্লা বা আন্তঃজেলা রুটের কোন বাস ছেড়ে যায়নি। তবে রিক্সা, ব্যাটারি চালিত অটোরিক্সা চলাচল করছে। সিরাজগঞ্জের অতিরিক্তি পুলিশ সুপার (এ এস পি) মোকতার হোসেন জানান, হরতাল ও অবরোধ একসাথে চললেও জেলার সার্বিক পরিস্তিতি এ পর্যন্ত স্বাভাবিক রয়েছে। মহাসড়কসহ গুরুত্বপূর্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও নিয়মিতভাবে টহল দিচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা। উল্লেখ্য, ১০ম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধিন ১৮ দলের ডাকা টানা ৪৮ ঘন্টার রাজপথ, রেলপথ ও নৌ-পথ অবরোধের প্রথম দিন মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ শহরের জগাইমোড়ে পুলিশ-বিএনপি সংঘর্ষে নিহত এক পথচারিকে যুবদলের কর্মি দাবি করে এ ঘটনার প্রতিবাদে ঐদিনই জেলা বিএনপি বৃহস্পতিবার হরতালের আহ্বান করে। এরপর অবরোধের দ্বিতীয় দিন বুধবার সিরাজগঞ্জের বেলকুচির মুকুন্দগাতীতে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী সাথে অবরোধকারী ও আওয়ামীলীগের ত্রিমুখী সংঘর্ষে জামায়াত ও ছাত্রদলের ২ কর্মী নিহত হলে এর প্রতিবাদে আবারও একই দিনে হরতালসহ ৩ দিনের কর্মসূচি ঘোষনা করে ১৮দল। এর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধিন ১৮ দল টানা ৪৮ ঘন্টা মঙ্গল ও বুধবার রাজপথ, রেলপথ ও নৌ-পথ অবরোধের কর্মসূচি ঘোষনা করে। পরে এই কমসূচি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বর্ধিত করা হয়।




