শ্যামলবাংলা ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ এবার বলেছেন, আমরা আর মহাজোটে নেই। ১৬ নভেম্বর শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত জাতীয় যুব সংহতির সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি ওই কথা বলেন। তবে এ বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানান তিনি। এসময় তিনি বলেন, ইতোমধ্যে আমাদের প্রেসিডিয়াম সদস্য জি এম কাদের, যিনি মহাজোট সরকারের মন্ত্রী ছিলেন, তিনি পদত্যাগ করেছেন।
উল্লেখ্য, মহাজোটে মূল্যায়ন হচ্ছে না অনুযোগ করে গত দুই বছর ধরে আওয়ামী লীগের সঙ্গ ছাড়ার কথা বলে আসছিলেন এরশাদ। তবে পরে আবার অবস্থান থেকে সরে আসতেও দেখার গেছে তাকে। এরই মধ্যে নির্দলীয় সরকার না হলে নির্বাচনে যাবে না বলে বিএনপি হুমকি দেয়ার পর এরশাদের মহাজোট ছাড়ার ইঙ্গিত নতুন করে আলোচনা সৃষ্টি করে।




