শ্যামলবাংলা ডেস্ক : ফিলিপাইনে শুক্রবার ভোরে টাইফুন হাইয়ানের আঘাতে সহস্রাধিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার বিবিসির খবরে প্রকাশ হাইয়ানের আঘাতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ট্যাকলোবান শহর। ট্যাকলোবান শহরের বিভিন্ন স্থানে ও রাস্তায় লাশ পড়ে থাকতে দেখা গেছে। টাইফুন হাইয়ান আঘাতে ভবন ধসে পড়ে এবং ভূমিধসের সৃষ্টি হয়।
ট্যাকলোবান শহরটিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়। বেশ কিছু স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। টাইফুনের কারণে বিমানবন্দর ব্যাপক ক্ষতিগ্রস্ত হওয়ায় ত্রাণ সহায়তাকারী সংস্থাগুলো ওই শহরটিতে পৌঁছাতে পারছে না। বিমানবন্দরটিতে শুধুমাত্র জরুরি সামরিক বিমান চলাচল করছে।
সরকার টাইফুন হাইয়ানের পূর্বাভাস পেয়ে ঝুঁকিপ্রবণ এলাকা দ্রুত খালি করার উদ্যোগ নেয়। তবে কর্মকর্তারা বলছেন, এখনো এক কোটির বেশি মানুষ ঝুঁকির মধ্যে রয়েছেন। ঝুঁকি এড়াতে শিক্ষাপ্রতিষ্ঠান এবং অফিস বন্ধ ঘোষণা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতাল এবং নিরাপত্তা সংস্থার কর্মীদের সার্বক্ষণিক সতর্কাবস্থায় রাখা হয়েছে।
শুক্রবার ভোরে হাইয়ান যখন আঘাত হানে তখন এর গতিবেগ ছিল ঘন্টায় ৩৭৯ কিলোমিটার। টাইফুনের কারণে কোথাও কোথাও প্রায় ৪০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হয়েছে। পরিবেশ এবং ভূতত্ববিদরা আগে হুঁশিয়ার করেছিলেন যে হাইয়ান ২০১২ সালে আঘাত হানা ঝড় বোফার মতই শক্তিশালী হতে পারে। বোফার আঘোতে অন্তত এক হাজার মানুষ নিহত হয়েছিল।
তবে হাইয়ান এখনস ক্রমশ দূর্বল হয়ে দিক পরিবর্তন করে ভিয়েতনামের দিকে এগিয়ে যাচ্ছে।




