আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনা জেলার আমতলীতে জরাজীর্ণ ভবনে চলছে উপজেলা ভূমি অফিসের কার্যক্রম। সরকারের সর্বাধিক রাজস্ব এ অফিস থেকে আয় হলেও নজর নেই এর সংস্কার বা নতুন ভবন নির্মাণের। ফলে জীবনের ঝুঁকি নিয়েই কর্মকর্তা ও কর্মচারীরা এ অফিসে তাদের কার্যক্রম যুগ যুগ ধরে চালিয়ে যাচ্ছেন। সমগ্র উপজেলার হাজার হাজার হেক্টর জমির মূল্যবান কাগজ ও নথিপত্র সংরক্ষিত রয়েছে এ অফিসে।
সামান্য বৃষ্টি হলেই এসব কাগজ ভিজে যায়।

জানা যায়, পুরোনো একটি বাড়িতে এ ভূমি অফিসের কার্যক্রম শুরু হয় ১৯৫১ সাল থেকে। ২ . ১৫ শতাংশ জমি রয়েছে। বর্তমানে এ বিপুল পরিমাণ জমি এ অফিসের দখলে থাকলেও এখানে নির্মিত হয়নি আধুনিক কোনো ভবন। অফিসের কর্যক্রমের পরিধির তুলনায় কক্ষ সংকট, নেই কোনো রেকর্ড রুম সবকিছু মিলিয়ে এক ভুতুড়ে পরিবেশে চলছে ভূমি অফিসের কার্যক্রম। জরাজীর্ণ ৪টি কক্ষে যুগ যুগ ধরে কার্যক্রম চলে আসছে। উপরের চালার টিন নষ্ট হয়ে গেলেও সেগুলো সংস্কার করার অভাবে প্রতিনিয়ত বৃষ্টির পানিতে ভিজছে প্রয়োজনীয় কাগজপত্র। অপরদিকে পর্যাপ্ত পরিমাণ আসবাবপত্র না থাকায় অফিসের মেঝেতে দিনের পর দিন ফেলে রাখা প্রয়োজনীয় রেকর্ডপত্রের বান্ডিলগুলো উইপোকায় নষ্ট করছে। এখানে ভবন সমস্যার কারণে প্রতিক‚ল আবহাওয়ার শুরুতেই বাধাগ্রস্ত হয় স্বাভাবিক কার্যক্রম।
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে, এ অফিসের মাধ্যমে ২০১২-১৩ অর্থবছরে সরকারের রাজস্ব আয় হয়েছে ৭০ লাখ টাকা। প্রতি বছর সরকারের বিপুল পরিমাণ রাজস্ব এ অফিসের মাধ্যমে আয় হয়। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) দেবেন্দ্রনাথ উরাও বলেন, ভূমি অফিসের ভবন নির্মাণের জন্য দীর্ঘদিন থেকেই সংশ্লিষ্ট ভূমি মন্ত্রণালয়ে লেখালেখি করা হচ্ছে। সম্প্রতি এরই মধ্যে ভূমি মন্ত্রণালয়ে আবেদনপত্র পাঠানো হয়েছে। এখন পর্যন্ত এর কোনো সাড়া মেলেনি।




