ইয়ানুর রহমান : নানা ঘটনায় আলোচিত সমালোচিত বহিষ্কৃত যশোর জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শরীফ আব্দুর রাকিব আইনজীবী সমিতির নির্বাচনে দলীয় ফোরামের সমর্থন পেয়েছেন।
আওয়ামী আইনজীবী পরিষদ ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ বৃহস্পতিবার যৌথসভা করে শরীফ আব্দুর রাকিবকে সভাপতি প্রার্থী ও জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান মুকুলকে সাধারণ সম্পাদক প্রার্থী করে আইনজীবী সমিতির নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে। এতে আওয়ামী সমর্থক সাধারণ আইনজীবীদের একটি বড় অংশ ক্ষুব্ধ হয়েছেন।
আগামী ৩০ নভেম্বর যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচন। এ নির্বাচনে ১৭টি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম এবং আওয়ামী আইনজীবী পরিষদ ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ পৃথক প্যানেল ঘোষণা করেছে।
আওয়ামী আইনজীবী পরিষদ ও বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের যৌথ প্যানেলে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বহিষ্কৃত নেতা শরীফ আব্দুর রাকিবকে সভাপতি প্রার্থী করা হয়েছে। মূল সংগঠন থেকে বহিষ্কৃত এ নেতাকে কিভাবে সহযোগী সংগঠন প্রার্থী হিসেবে সমর্থন করলো তা নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা।
সূত্র জানায়, শরীফ আব্দুর রাকিব এখনও আওয়ামীলীগ থেকে বহিষ্কৃত রয়েছেন। ২০০৬ সালের ২৪ আগস্ট শহরের পুরাতন কসবা এলাকায় বর্তমান সংসদ সদস্য খালেদুর রহমান টিটোর ওপর হামলার ঘটনায় শরীফ আবদুর রাকিব, কাজী নাবিল আহমেদসহ ১৮ নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়।
২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে সে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়। কিন্তু সর্বশেষে ২০১০ সালের ১৩ মার্চ জেলা ছাত্রলীগের সম্মেলনকে কেন্দ্র করে সংঘর্ষ বাঁধে। এ ঘটনার জের ধরে ২০১০ সালের ২১ মে শরীফ আব্দুর রাকিবকে দ্বিতীয় দফায় বহিষ্কার করা হয়। সেই থেকে তিনি আর দলে ভিড়তে পারেনি।
কিন্তু আওয়ামীলীগ থেকে বহিষ্কার হলেও সহযোগী সংগঠন তাকে প্রার্থী করায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ আইনজীবীরা। তাদের দাবি, সংগঠনের একটি অংশের নেতাদের ম্যানেজ করে রাকিব দলের সমর্থন বাগিয়ে নিয়েছেন।
এ প্রসঙ্গে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মীর জহুরুল ইসলাম জানান, রাকিব দল থেকে বহিষ্কৃত। আইনজীবীদের সংগঠন তাকে নির্বাচনে প্রার্থী করেছে। ফলে এতে তাদের হস্তক্ষেপের সুযোগ নেই।
এ বিষয়ে আওয়ামী আইনজীবী পরিষদ জেলা আহবায়ক সাখাওয়াৎ হোসেন বলেন, রাকিব তার সংগঠনের কেউ না। বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সদস্য হিসেবে তিনি সমর্থন পেয়েছেন।
তবে জেলা বঙ্গবন্ধু আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক ইদ্রিস আলী জানান, রাকিব বহিষ্কৃত সেটা তারা জানেন। কিন্তু বৃহত্তর স্বার্থে আওয়ামী সমর্থক আইনজীবীদের দুটি সংগঠনের প্যানেলে তাকে সভাপতি হিসেবে সমর্থন দেয়া হয়েছে।




