স্টাফ রিপোর্টার ॥ শেরপুর-১ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী হুইপ আতিউর রহমান আতিকের কন্যা ডাঃ শারমিন রহমান অমির গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। ২৪ ডিসেম্বর সোমবার বিকেলে সদর উপজেলার লছমনপুর এলাকায় ওই ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে আওয়ামী লীগের প্রার্থী, হুইপ আতিউর রহমান আতিকের নৌকা প্রতীকের নির্বাচনী গণসংযোগে যাওয়ার পথে লছমনপুর বাজারে আতিককন্যা ডাঃ শারমিন রহমান অমির গাড়িতে ইট-পাটকেল ছুড়ে হামলা চালানো হয়। ওই সময় একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। ওই ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সাথে সাথে তারা বিক্ষোভ মিছিল করে ঘটনার নিন্দা-প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান। লছমনপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল হাই অভিযোগ করে বলেন, বিএনপি নেতা-কর্মীরা হুইপকন্যা ডাঃ অমির গাড়িতে হামলা চালিয়েছে।




