মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে অষ্টম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে শেরপুরের হতদরিদ্র পরিবারের ছাত্র এসএম আব্দুর রহমান তাইব। সে সদর উপজেলার পাকুড়িয়া ফকিরপাড়া গ্রামের এসএম সুলায়মানের ছেলে। এদিকে ছেলের এমন সাফল্যে সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন বাবা এসএম সুলায়মান। তিনি পেশায় শেরপুর আদালতের আইনজীবী সহকারী।

জানা যায়, এসএম সুলায়মানের তিন সন্তানের মধ্যে বড় ছেলে এসএম আব্দুর রউফ রোহান কোরআনের হাফেজ ও অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত। মেঝো মেয়ে সুরভী সুলতানা সারা ইদ্রিসিয়া কামিল মাদ্রাসায় ফাজিল দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত। আর সবার ছোট এসএম আব্দুর রহমান তাইব ইদ্রিসিয়া কামিল মাদ্রাসা থেকে অষ্টম শ্রেণিতে এবার সদর উপজেলায় মেধাবৃত্তিতে প্রথম স্থান অর্জন করেছে। তার এমন সাফল্যে খুশি পরিবারের সবাই।
শেরপুরের বিশিষ্ট আইনজীবী আলমগীর কিবরিয়া কামরুল জানান, আইনজীবী সহকারী এসএম সুলায়মানের তিনটি সন্তানই খুব মেধাবী। ছোট ছেলেটি এবার ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। তিনটি সন্তানকে একসাথে পড়ানো হতদরিদ্র পরিবারের পক্ষে দুরূহ হয়ে পড়ছে বলে শুনেছি। ওদের উচ্চশিক্ষার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত।




