শেরপুরে কৃষি উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণের লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুল আলু ও কৃষক সেবা কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ২৮ ডিসেম্বর রবিবার দুপুরে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের সন্ন্যাসীরচর ব্লকের ডোবারচর গ্রামে কেন্দ্রটি উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রটির উদ্বোধন করেন সদর উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুসরাত জাহান।

সন্ন্যাসীরচর ব্লকের দায়িত্ব প্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আবুল কালাম আজাদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন ও কেন্দ্র প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আলু একটি গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। সঠিক প্রযুক্তি ও আধুনিক চাষাবাদ পদ্ধতি প্রয়োগের মাধ্যমে আলু উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। পার্টনার ফিল্ড স্কুলের মাধ্যমে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হবে এবং কৃষক সেবা কেন্দ্র থেকে মানসম্মত বীজ, সার, রোগবালাই দমন সংক্রান্ত পরামর্শসহ বিভিন্ন কৃষি সহায়তা দেওয়া হবে।
বক্তারা আরও বলেন, এই উদ্যোগ কৃষকদের উৎপাদন খরচ কমাতে ও লাভ বৃদ্ধি করতে সহায়ক ভূমিকা রাখবে। স্থানীয় কৃষকদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি টেকসই কৃষি ব্যবস্থাপনা গড়ে তুলতে এ ধরনের কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।




