গ্রেফতারি পরোয়ানা জারির পর অবশেষে ঢাকার আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং তার ভাই আলিসান চৌধুরী। ১৬ নভেম্বর রবিবার বিকেলে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩-এ হাজির হয়ে তারা ওই আবেদন করেন।

এর আগে, পারিবারিক ব্যবসায় অংশীদার করার প্রতিশ্রুতি দিয়ে ২৭ লাখ টাকা আত্মসাৎ এবং পরবর্তীতে ভয়ভীতি ও হুমকি দেওয়ার অভিযোগে আমিরুল ইসলাম নামে এক ব্যক্তির করা মামলায় ঢাকার একটি আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন।
আদালত সূত্রে জানা যায়, মামলার নির্ধারিত তারিখে (১০ নভেম্বর) আসামিরা আদালতে হাজির না হওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর বিচারক আফরোজা তানিয়া মেহজাবীন ও তার ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। একই সঙ্গে, গ্রেপ্তার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৮ ডিসেম্বর পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।

মামলার অভিযোগে বাদী আমিরুল ইসলাম জানিয়েছেন, মেহজাবীনের সঙ্গে তার দীর্ঘদিনের পরিচয়ের সূত্র ধরে তিনি বিভিন্ন প্রলোভনে পড়েন। মেহজাবীন তাকে তাদের নতুন পারিবারিক ব্যবসার পার্টনার করার কথা বলেন এবং এই প্রতিশ্রুতিতে নগদ ও বিকাশের মাধ্যমে বিভিন্ন সময়ে মোট ২৭ লাখ টাকা নেন অভিনেত্রী ও তার ভাই। তবে, দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কোনো ব্যবসায়িক কার্যক্রম শুরু হয়নি। টাকা ফেরত চাইতে গেলে তারা নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে যে, চলতি বছরের ১১ ফেব্রুয়ারি টাকা ফেরত চাইতে গেলে ১৬ মার্চ বাদীকে হাতিরঝিল রোডের পাশের একটি রেস্টুরেন্টে দেখা করতে বলা হয়। সেখানে গেলে মেহজাবীন, তার ভাই এবং আরও কয়েকজন তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং হুমকি দিয়ে বলেন, টাকা চাইতে আর বাসার সামনে দেখা গেলে তাকে মেরে ফেলা হবে। এই ঘটনায় বাদী চরম আতঙ্কে পড়েন।
ঘটনার পর বাদী ভাটারা থানায় যোগাযোগ করলে থানা থেকে তাকে আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়। এরপর আমিরুল ইসলাম বাদী হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১০৭/১১৭(৩) ধারায় এই মামলা দায়ের করেন।




