বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৪তম মহাপ্রয়াণ দিবস উপলক্ষে রবীন্দ্রসংগীত নিয়ে আসছেন সংগীতশিল্পী শফিক তুহিন। রবীন্দ্রনাথকে শ্রদ্ধা নিবেদন করে ‘তুমি রবে নীরবে’ গানটিতে এই গায়কের সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী বন্নি হাসান। জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন মনোরশ লোকেশনে ভিডিওটির দৃশ্যধারণ করা হয়েছে। গানটির সংগীতায়োজন করেছেন সালমান জেইম। ৬ আগস্ট বুধবার রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে শফিক তুহিনের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মিউজিক ভিডিওটি প্রকাশিত হয়েছে।

শুভব্রত সরকারের পরিচালনায় গান ভিডিওটিতে মডেল হয়েছেন জান্নাতি লিয়া। ইমরুল হাসানের কোরিওগ্রাফিতে গানের পাশাপাশি ভিডিওতে দেখা যাবে শফিক তুহিন ও বন্নি হাসানকে।
এর আগেও প্রায় ৬ বছর আগে শফিক তুহিন একটি রবীন্দ্রসংগীত প্রকাশ করেছিলেন। নতুন এই গানটি প্রসঙ্গে তিনি বলেন, ছোটবেলা থেকেই আমরা রবীন্দ্রনাথ ও নজরুলের গান শুনে বড় হয়েছে। সেই থেকে রবীন্দ্রনাথ ও নজরুলের প্রতি ভালোবাসা তৈরি হয়েছে। বড় হয়ে যতই রবীন্দ্রনাথকে জানতে ও বুঝতে শুরু করি তার সৃষ্টির প্রতি অনন্য ভালোবাসা সৃষ্টি হয়েছে। তাই বিশ্বকবির প্রয়াণ দিবসে গানের মাধ্যমে তার প্রতি আমার শ্রদ্ধা নিবেদন করছি। আশা করি গানটি শ্রোতাদের ভালো লাগবে। আমার সঙ্গে গেয়েছেন বন্নি হাসান। তিনিও খুব ভালো গান করেন। সব মিলিয়ে শ্রোতাদের ভালোই লাগবে আমার বিশ্বাস।




