ময়মনসিংহের মুক্তাগাছায় ব্যবসায়ী নূরুল হক ওরফে আশরাফ আলী হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। সোমবার দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হারুন অর রশিদ দীর্ঘ শুনানি শেষে ওই রায় ঘোষণা করেন।

আদালতের বেঞ্চ সহকারী মামুন মিয়া ঘটনরার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই ঘটনায় ২০০২ সালের ২০ জুলাই নিহত নূরুল হকের স্ত্রী নাসিমা খাতুন বাদী হয়ে মুক্তাগাছা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্তের পর মোট ৯ জনকে অভিযুক্ত করা হয়। মামলার বিচার চলাকালীন সময়ে তিন আসামি মারা যাওয়ায় অবশিষ্ট ৬ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, সদর উপজেলার গনেশ্যামপুর এলাকার আব্দুল মোতালেব ওরফে ছুইত্যা, একই এলাকার মির্জাপুর পশ্চিমপাড়ার মো. সোহেল, সরিষাবাড়ী উপজেলার রাধনগরের রমজান আলী, সদর উপজেলার গনেশ্যামপুর এলাকার আব্দুল হাই ওরফে হীরা, একই উপজেলার মির্জাপুর মধ্যপাড়ার ফরিদ এবং মুক্তাগাছা উপজেলার কুমারগাথা গ্রামের আব্দুছ সালাম।

জানা যায়, নিহত নূরুল হক ওরফে আশরাফ আলী সদর উপজেলার গনেশ্যামপুর এলাকার বাসিন্দা ছিলেন এবং পার্শ্ববর্তী মুক্তাগাছা উপজেলার মনতলা বাজারে ধান-চালের ব্যবসা করতেন। ২০০২ সালের ১৯ জুলাই তিনি ব্যবসার কাজে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেননি। পরদিন ২০ জুলাই মনতলা ব্রীজ সংলগ্ন একটি কলাবাগান থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।




