আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, কর্ণফুলী বঙ্গবন্ধু টানেলের দুইটি টিউবের একটি অক্টোবরে আরেকটি নভেম্বরে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৭ সেপ্টেম্বর বুধবার বেলা ১১টায় সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’- এ সেতুমন্ত্রী এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, সামনের ডিসেম্বরে মেট্রোরেলের উত্তরা থেকে আগাঁরগাও অংশ উদ্বোধন করা হবে । আর আগামী বছরের ডিসেম্বরের আগেই মতিঝিল পর্যন্ত মেট্রোরেলের নির্মাণকাজ শেষ হবে। এছাড়া, কর্ণফুলী টানেলের দুইটি টিউব, এর মধ্যে একটি অক্টোবরে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন আরেকটি উদ্বোধন করবেন নভেম্বরে। এ বছরেই আমাদের কর্ণফুলী টানেলের মতো মেগা প্রকল্প উদ্বোধন করা হবে।
এসময় তিনি বলেন, বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর কাজ শেষ করেছি। আমার হাতে এখন ৮৭টি ছোট বড় সেতু উদ্বোধনের জন্য অপেক্ষায় আছে। বিশ্বের বহু জায়গায় সীমান্ত সড়ক আছে, আমাদের সীমান্তে ৩০০ কিলোমিটার সড়কের কাজ সেনাবাহিনী শুরু করেছে। পাহাড়ের কাজ ঝুঁকিপূর্ণ। পাহাড়ে একটা বিশাল পরিবর্তন এসেছে, সেজন্য সেখানকার পণ্য দ্রুত শহরে চলে আসতে পারছে।

বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের আয়োজিত ওই সংলাপের সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি তপন বিশ্বাস। উপস্থাপনা করেন সাধারণ সম্পাদক মাসউদুল হক।







