বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের ৯২তম জন্মদিন আজ। এ উপলক্ষে তৈরি হয়েছে বেশ কিছু নতুন গান। সুজন হাজংয়ের লেখা ও সুমন কল্যাণের সুরে একটি গানে কণ্ঠ দিয়েছেন অবন্তী সিঁথি।

‘বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীতে তুমি/ কারাগারের রোজনামচায় তুমি/ তুমি আমাদের বঙ্গমাতা, বঙ্গবন্ধুর রেণু/ তুমি আমাদের ইতিহাসে রাখাল রাজার বেণু’—এমন কথার গানটির শিরোনাম ‘আমাদের বঙ্গমাতা’। গত ৫ আগস্ট রাজধানীর মগবাজারের ডি স্টেশনে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়। এর আগে অবন্তী সিঁথি সুজন হাজংয়ের লেখা ‘মুক্তির সংগ্রাম’ শিরোনামে আরেকটি গানে কণ্ঠ দিয়ে ব্যাপক প্রশংসিত হন। ‘আমাদের বঙ্গমাতা’ গানটি আজ ‘সুজন হাজং অফিসিয়াল’ নামের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
গীতিকার সুজন হাজং বলেন, ‘বাঙালির মুক্তির সংগ্রামে বঙ্গবন্ধুর নেপথ্যের শক্তি ছিলেন বঙ্গমাতা। স্বাধীনতার জন্য বঙ্গমাতার অসীম ত্যাগ ও সংগ্রামের কথা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও কারাগারের রোজনামচা গ্রন্থে উল্লেখ করা হয়েছে। বঙ্গমাতার জন্মদিনে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে এই গান লিখেছি। আশা করি, অবন্তি সিঁথির কণ্ঠে গানটি শ্রোতাদের কাছে সমাদৃত হবে।’

অবন্তী সিঁথি বলেন, ‘বঙ্গমাতা আমাদের বঙ্গবন্ধুর স্বাধীনতা সংগ্রামের মূলশক্তি। বঙ্গমাতাকে নিয়ে প্রথমবার একটি অসাধারণ গানে কণ্ঠ দিতে পেরে আমি গর্বিত। গানের কথা ও সুর খুব চমৎকার। আশা করি, গানটি শ্রোতাদের ভীষণ ভালো লাগবে।’
সুমন কল্যাণ বলেন, ‘বঙ্গবন্ধুর জীবনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ভূমিকা অনন্য সাধারণ। বঙ্গমাতার মতো একজন বাঙালি নারীর লড়াই বঙ্গবন্ধুর স্বাধীনতা অর্জনের পথ প্রশস্ত করেছিল। বঙ্গমাতার প্রতি আমরা চিরকাল ঋণী। গানটি শ্রোতাদের মন ছুঁয়ে যাবে বলে বিশ্বাস করি।’
এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিন উপলক্ষে বাংলাদেশ বেতারের ট্রান্সক্রিপশন সার্ভিস একটি বিশেষ গান রেকর্ড করেছে। বঙ্গমাতার জন্মদিনে গানটি প্রচারের লক্ষ্যে ইতোমধ্যেই বাংলাদেশ বেতার ঢাকাসহ সকল কেন্দ্র ও উপকেন্দ্রে প্রেরণ করা হয়েছে।
কবি নাসির আহমেদের বাণীতে এই গানটিতে সুরারোপ ও সংগীত পরিচালনা করেছেন বাংলাদেশ বেতারের বিশিষ্ট সংগীত পরিচালক শাহীন সরদার। গানটিতে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী ঝিলিক। ট্রান্সক্রিপশন সার্ভিসের উপ-পরিচালক ইয়াসমিন আক্তারের তত্ত্বাবধানে রেকর্ডকৃত এই বিশেষ গানটির নির্মাণে সার্বিক নির্দেশনায় ছিলেন ট্রান্সক্রিপশন সার্ভিসের পরিচালক আনোয়ার হোসেন মৃধা।






