‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২ শুরু হয়েছে। এ উপলক্ষে ২৪ জুলাই রবিবার সকালে জেলা কালেক্টরেট ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।

এর আগে জেলা কালেক্টরেট পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন জেলা প্রশাসক সাহেলা আক্তার। ওইসময় অন্যান্যের মধ্যে শেরপুর পৌরসভার মেয়র আলহাজ গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়্যারম্যান রফিকুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল হক, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক সুলতান আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে জেলা শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এবার ২৩ জুলাই থেকে ২৯ জুলাই পর্যন্ত মৎস্য সপ্তাহের উল্লেখযোগ্য অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে সচেতনতামূলক প্রচার-প্রচারণা, সফল মৎস্যচাষী/উদ্যোক্তাকে পুরস্কার প্রদান, বাজার মনিটরিং, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, সুফলভোগীদের প্রশিক্ষণ ও উপকরণ বিতরণ এবং প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময় ইত্যাদি।




