সানাইয়ের শ্বশুরবাড়ি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়ন দক্ষিণ দুরকুঠি এলাকায়। ঈদ উপলক্ষে শ্বশুরবাড়িতে সবার সঙ্গে সুন্দর সময় কাটিয়েছেন তিনি। এমনকি তাকে দেখতে ঈদের ছয় দিন পর্যন্ত প্রতিদিন প্রায় ৫-৬শ’ মানুষ তার শ্বশুরবাড়িতে ভিড় করেছেন।

ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেখতে আসা লোকেদের ছবি পোস্ট করে সানাই লিখেছেন, ‘ঈদে শ্বশুরবাড়িতে কাটানো কিছু মুহূর্ত। আশপাশের মানুষের ভালোবাসায় আমি সিক্ত। ঈদের দিন থেকে পরের ৫ দিন পর্যন্ত প্রায় ৫-৬শ’ মানুষ প্রতিদিন আমাকে এক ঝলক দেখতে এসেছে। এমনও হয়েছে আমি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে ডেকে তুলেছে। কারণ, মানুষ দেখতে এসেছে তাই! এটা কয়জনকে দেখতে আসে?’
কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ, সব কিছুর জন্য। আমি তাদের আপ্যায়নে মুগ্ধ। নেগেটিভ কিছু যে ছিল না তা নয়। কিন্তু পজিটিভের মাত্রা এতটাই বেশি ছিল যে, নেগেটিভের দিকে তাকানোর সুযোগ পাইনি। এটাও আল্লাহর রহমত, মাশাআল্লাহ।’

জানা যায়, সোশ্যাল মিডিয়ায় এক সময়ের ভাইরাল নাম সানাই। এসেছিলেন চলচ্চিত্রের নায়িকা হতে। কিন্তু নানাভাবে বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। বর্তমানে মিডিয়াতে তাকে সেভাবে দেখা যায় না। একটু আড়ালেই আছেন এই মডেল ও অভিনেত্রী। এরই মাঝে আচমকাই অনেকটা গোপনেই বিয়ের পিঁড়িতে বসেন সানাই । তার স্বামী আবু সালেহ মুসা ঢাকায় একটি বেসরকারি ব্যাংকে কর্মরত।
উল্লেখ্য, সানাইয়ের অধিকাংশ কাজই সমালোচিত। একটা সময় সামাজিক যোগাযোগমাধ্যমে খোলামেলা বিচরণ ছিলো তার। অশ্লীলতার অভিযোগে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগে হাজিরাও দিয়েছিলেন। সে সময় মুচলেকায় সই করে ছাড়া পান।






