শেরপুর শহরের খোয়ারপাড় সিএনজিচালিত অটোরিক্সা স্ট্যান্ডে সিরিয়ালে অনিয়ম ও এক চালককে মারধরের প্রতিবাদে অবরোধ কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী চালকরা। ৮ এপ্রিল শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত সিএনজি চলাচল বন্ধ রেখে তারা আখেরমামুদ বাজারে এ কর্মসূচী পালন করেন তারা। এতে প্রায় ৪০ জন চালক অংশ নেয়। হঠাৎ এমন অবরোধে ভোগান্তিতে পড়েন যাত্রীসাধারণ। পরে ট্রাফিক বিভাগের আশ্বাসে অবরোধ তুলে নেন চালকরা।

কর্মসূচীতে অংশ নেওয়া সিএনজি চালকরা জানায়, খোয়ারপাড় সিএনজি স্ট্যান্ড হতে কুরুয়া, শ্রীবরদী, আয়নাপুর, ভায়াডাঙা, বকশিগঞ্জ, রাজীবপুরে তাদের গাড়ি চলে। কিন্তু স্থানীয় কয়েকজন সিএনজি চালক জোরপূর্বক সিরিয়ালের নিয়ম ভেঙে গাড়ি চালায়। এ নিয়ে প্রতিবাদ করতে গেলে তারা গালিগালাজ ও মারধর করে। গত বৃহস্পতিবারও দূরের এক চালককে স্থানীয় চালকরা মারধর করে তারা। এতে বিচার না পেয়ে প্রতিবাদে প্রায় ৪০ জন চালক শুক্রবার সকাল থেকে গাড়ি চলাচল বন্ধ রাখে।
সুজন মিয়া নামের এক চালক বলেন, স্ট্যান্ড এলাকার আশেপাশে যাদের বাড়ি তারা দিনে পাঁঁচবার ট্রিপ পেলে, আমরা পাই মাত্র দু’বার। আমরা সবার সমান অধিকার চাই।

চালকদের নেতা আব্দুল হাকিম মিয়া জানান, সিরিয়ালে অনিয়ম করে স্থানীয়রা। এনিয়ে কথা বললে তারা আমাদের নানাভাবে হেনস্তা করে। এ নিয়ে অনেকেরে আবার মারধরও করেছে। এর একটা স্থায়ী সুরাহা চাই।
এদিকে সিএনজি বন্ধ থাকায় দিনব্যাপী দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে বিকেলে ট্রাফিক সার্জেন্ট মো. রুবেল মিয়া ঘটনাস্থলে গিয়ে সিরিয়ালের বিষয়টি ঠিক করার ব্যাপারে চালকদের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।
এ বিষয়ে ট্রাফিক সার্জেন্ট মো. রুবেল মিয়া বলেন, আমি উভয় পক্ষের সাথে কথা বলেছি। শনিবার সকালে খোয়ারপাড় স্ট্যান্ডে বসে আলোচনা করে ন্যায্য সিরিয়ালের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। আন্দোলনকারীদের আশ্বস্ত করেছি এবং তারা গাড়ি চালানো শুরু করেছে।




