শেরপুরের ঝিনাইগাতীতে মহারশি নদীর পাড় থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় মো. শাহরিয়ার হাসান সজীব (৩৫) নামে এক যুবককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ৭ এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের দিঘীরপাড় এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জয়নাল আবেদীন। সজীব ওই এলাকার মো. সিরাজ মাস্টারের ছেলে। পরে জরিমানার টাকা পরিশোধ করায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয় তাকে।

জানা গেছে, ঝিনাইগাতী উপজেলার দিঘীরপাড় এলাকায় মহারশি নদীর পাড় ঘেঁষে শ্যালোইঞ্জিনজালিত ড্রেজার মেশিন ও এস্কেভেটর মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিলেন মো. শাহরিয়ার হাসান সজীব। খবর পেয়ে ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফারুক আল মাসুদের নির্দেশনায় ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জয়নাল আবেদীন।
ওইসময় অবৈধভাবে বালু উত্তোলন করায় সজীব ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ভবিষ্যতে বালু উত্তোলন না করার মর্মে মুচলেকা নেওয়া হয়। সেইসাথে বালু উত্তোলনে ব্যবহৃত শ্যালোইঞ্জিনচালিত একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জয়নাল আবেদীন জানান, অবৈধভাবে বালু উত্তোলনের খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলন বন্ধ করা হয়েছে। সেইসাথে বিধিমোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




