অবশেষে ‘ব্যাচেলর পয়েন্ট’ ভক্তদের সকল অপেক্ষার প্রহর শেষ হতে চলেছে। ‘ব্যাচেলর পয়েন্ট’-এর চতুর্থ সিজন শুরু হতে যাচ্ছে আগামী ১১ মার্চ থেকে। আজ রবিবার সকালে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁয় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন ধারাবাহিকটির নির্মাতা কাজল আরেফিন অমি। এসময় ‘ব্যাচেলর পয়েন্ট’-এর সকল অভিনয়শিল্পী ও কলাকুশলী উপস্থিত ছিলেন।

এবারের সিজনে নতুন করে দু’জন শিল্পী যুক্ত হয়েছেন। তাঁরা হলেন পারসা ইভানা ও আশুতোষ সুজন। চতুর্থ সিজনে বেশকিছু চমক থাকছে বলে জানালেন নির্মাতা। প্রথম চমক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর থিম গান আজ উন্মুক্ত করা হয়েছে।
কাজল আরেফিন অমি বলেন , ‘১১ মার্চ থেকে প্রতি শুক্র, শনি ও রবিবার রাত ৮টা ২৫ মিনিটে বাংলাভিশন টিভিতে প্রচারিত হবে ধারাবাহিকটির নতুন সিজন। এরপর রাত ৯টায় সেটা দেখা যাবে ধ্রুব টিভিতে। ’

‘কাবিলা’ চরিত্রের অভিনয়শিল্পী জিয়াউল হক পলাশ কালের কণ্ঠকে বলেন, ‘এবারের সিজনে অনেক নতুনত্ব থাকছে। আপনারা থিম সংয়ে দেখতে পেয়েছেন আমি জেল থেকে বের হয়েছি। কিংবা মিছিলের অগ্রভাগে নেতা হয়েছি, যেখানে আমাকে এমপি হিসেবেও দেখা যাচ্ছে। এসবই চমক। ’
‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন সিরিজে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, মিশু সাব্বির, সাবিলা নূর, সানজানা সরকার রিয়া, ফারিয়া শাহরিন, সুমন পাটোয়ারি, শরাফ আহমেদ জীবন, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু, পাভেল, শিমুল প্রমুখ।




