শেরপুরে নালিতাবাড়ীতে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট-বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল ফসলের জাত পরিচিতি ও চাষাবাদ কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে।

১৯ ফেব্রুয়ারি শনিবার দিনব্যাপী বিনা উপকেন্দ্রে অনুষ্ঠিত ওই কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিনা মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম। ওইসময় তিনি বলেন, দেশে জনসংখ্যা দিন দিন বাড়লেও কৃষিজমির পরিমাণ কমছে। এজন্য দেশের মানুষের খাবার ও তাদের আয় নিশ্চিত করার লক্ষ্যে কৃষকদের আবাদি ফসলের ফলন ও আয় বাড়াতে গবেষণা চালিয়ে যাচ্ছে বিনা। বিশেষ করে দরিদ্র কৃষকদের আয় বাড়াতেই হবে। এজন্য ইতিমধ্যে স্বল্প জীবনকালের আমন ধান, বিনা সরিষা ও বোরো ধানের উদ্ভাবন করেছেন বিনার গবেষকরা। স্বল্প জীবনকালীন এসব ফসল চাষ করলে কৃষকরা বাড়তি আয় করতে পারবেন। তিনি আরও বলেন, এ কর্মশালার উদ্দেশ্য হলো বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল ফসলের জাত পরিচিতি ও চাষাবাদ কলাকৌশল সম্পর্কে কৃষকদের জানানো। এতে তাদের ফলন বৃদ্ধি পাবে, ফসল উৎপাদনে সময় কম লাগবে। সেইসাথে এক জমিতে অধিক ফসল ও কৃষকের আয় বৃদ্ধি পাবে।
এতে বিশেষ অতিথি ছিলেন জাত উদ্ভাবনকারী বিজ্ঞানী বিনা পরিচালক ড. মো. জাহাঙ্গীর আলম. ড. মো. আবুল কালাম আজাদ। প্রশিক্ষণ পরিচালনা করেন বিনা’র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মনজুরুল ইসলাম, গবেষণা পরিচালক ড. আব্দুুল মালেক, নালিতাবাড়ী বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মাহবুব আলম তরফদার প্রমুখ। কর্মশালা শেষে ১০ জন কৃষকের মাঝে বিান ধান-১৭ বীজ বিতরণ করা হয়।

কর্মশালায় ৬৫ জন কৃষক-কৃষানী এবং মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তা ও সাংবাদিকসহ ৭৫ জন অংশগ্রহণ করেন।




